রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার সাততলা ভবনের ষষ্ঠ তলায় লাগা আগুন আট ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া, সরু গলি, পানির স্বল্পতা ও গুদামগুলো তালাবদ্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে মোট ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান জানান, ঘটনার ভয়াবহতা বিবেচনায় একে একে মোট ১০টি ইউনিট এখানে কাজ করছে। এছাড়া অতিরিক্ত স্পেশাল রেসপন্স টিম এবং একটি লাইটিং ইউনিটও এখানে কাজ করছে। সরু রাস্তাঘাট এবং স্টাকচারাল বিষয় মাথায় রেখে আমাদের কাজ করতে হচ্ছে। আমাদের ফায়ার ফাইটাররা জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে ফায়ার ফাইটিং করে যাচ্ছে।
তিনি বলেন, এখানে বিভিন্ন ধরনের গোডাউন আছে। কসমেটিক এবং ব্যাগের গোডাউন। এই গোডাউনে আগুনের সূত্রপাত হয়েছিল, যা বিভিন্ন কক্ষে ছড়িয়ে যায়। আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছে। এখনও কাজ চালিয়ে যাচ্ছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসেনি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করছি, কিছুক্ষণের মধ্যে বা ঘণ্টাখানেকের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারব।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনও কোনো হাতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নিভাতে গিয়ে ধোঁয়ায় আমাদের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন।
রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহার যুগান্তরকে বলেন, সাততলা ভবনের ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদামে আগুন লেগেছে। গুদামগুলো তালাবদ্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে সময় লাগছে। আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।
